বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন যমুনা একাদশ

 

বগুড়ায় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে যমুনা একাদশ। শনিবার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে করতোয়া একাদশকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি।দিনব্যাপী এ টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়। ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আল-আমিনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯৯ রান সংগ্রহ করে করতোয়া একাদশ। দলের পক্ষে আল-আমিন একাই ৮১ রান করে অপরাজিত থাকেন। যমুনা একাদশের জুয়েল হাসান ও এনাম বাবু দুটি করে উইকেট শিকার করেন।

 

 

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার আব্দুল হাকিমের মারমুখী ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় যমুনা একাদশ। মাত্র দুই উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় দলটি, তখনো এক ওভার বাকি ছিল। আব্দুল হাকিম ৬৫ রান করেন এবং জুয়েল হাসান ২৩ রান করে অপরাজিত থাকেন।ব্যাট ও বল হাতে সমান নৈপুণ্য দেখিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ফাইনাল) ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের (ম্যান অব দ্য টুর্নামেন্ট) পুরস্কার জিতে নেন আব্দুল হাকিম। এ ছাড়া প্রথম ম্যাচে টি এম মামুন এবং দ্বিতীয় ম্যাচে আব্দুল হাকিম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

 

 

শনিবার সকাল ৯টায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান ও দৈনিক বাংলাদেশ সমাচারের যুগ্ম সম্পাদক মমিনুর রশীদ শাইন, বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ এবং বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্যসচিব সবুর শাহ লোটাসসহ সাংবাদিক নেতারা।

 

 

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এ সময় বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।টুর্নামেন্টের মধ্য দিয়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।