
পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, মানহানিকর ও বিকৃত বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর (মাস্টার্স) করতে যাওয়া চট্টগ্রামের শিক্ষার্থী মোহাম্মদ এহছানুল হক।
রোববার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি। মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
লিখিত বক্তব্যে এহছানুল হক জানান, অভিযুক্ত মো. আরমান আলী ও নাহিদা আক্তার তাঁর আত্মীয়। ২০২৩ সালে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সময় আত্মীয়তার সূত্র ধরে তাঁর কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ধার নেন আরমান আলী। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতির সময় নির্বাচনী ব্যয়ের কথা বলে আরও ৪ লাখ টাকা দাবি করেন। আগের পাওনা টাকা পরিশোধ না করায় তিনি নতুন করে টাকা দিতে অস্বীকৃতি জানান।
এহছানুলের অভিযোগ, টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর আরমান আলী তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। এর জেরে আরমান আলী ও তাঁর স্ত্রী নাহিদা আক্তার বিভিন্ন নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য প্রচার শুরু করেন।তিনি আরও অভিযোগ করেন, ফেসবুক পোস্ট ও লাইভে তাঁকে ধর্ষক আখ্যা দেওয়াসহ তাঁর রক্তের সম্পর্কের আত্মীয় ও পরিবারের বিভিন্ন নারীকে জড়িয়ে আপত্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে। এমনকি মামলার নথির খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তাঁকে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে।
লিখিত বক্তব্যে এহছানুল হক বলেন, এসব অপপ্রচারের কারণে তিনি, তাঁর পরিবার এবং বোনের পরিবার সামাজিকভাবে অপমান ও হয়রানির শিকার হচ্ছেন। পাশাপাশি তাঁর আত্মীয়দের পারিবারিক জীবনেও নেতিবাচক প্রভাব পড়ছে। এ পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি।এ ঘটনায় তিনি বাদী হয়ে বাকলিয়া থানায় সিআর মামলা নম্বর ৮২৩/২০২৬ দায়ের করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই, চট্টগ্রাম মেট্রোকে নির্দেশ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। তাঁর দাবি, মামলার তদন্ত চলাকালে ভুক্তভোগী কয়েকজন নারী হলফনামার মাধ্যমে অভিযুক্তদের অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে এহছানুল হক অভিযুক্তদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।