
চট্টগ্রামের রোগীদের দ্রুত আধুনিক ক্যান্সার
চিকিৎসাসেবা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে ক্যান্সার চিকিৎসাবিষয়ক কন্টিনিউইং মেডিকেল এডুকেশন(CME) অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ অক্টোবর, দুপুর ১২টায় ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টার, ঢাকার উদ্যোগে এবং যত্ন মেডিকেল হসপিটালিটি, চট্টগ্রামের সার্বিক তত্ত্ববাবধানে এ সিএমই অনুষ্ঠিত হয়। সিএমই’র মূল বিষয় ছিল “ক্যান্সার চিকিৎসা ব্যবস্থার উৎকর্ষতায় ঢাকা ল্যাব এইড ক্যান্সার হাসপাতালের ভূমিকা এবং চট্টগ্রামের রোগীদের ক্ষেত্রে দ্রুত আধুনিক ক্যান্সার চিকিৎসাসেবা প্রদান”। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার, রক্তরোগ ও মেডিসিন বিভাগের অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসকসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন। সিএমই’র মূল প্রবন্ধ উপস্থাপন ও চিকিৎসাবিষয়ক আলোচনায় অংশ নেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ আবুল হাসনাত রুবেল ও ডা. সাদিয়া শারমিন। তাঁরা আধুনিক ক্যান্সার চিকিৎসা, দ্রুত রোগ নির্ণয়, সমন্বিত চিকিৎসা ব্যবস্থা এবং রোগী রেফারেল বিষয়ে আলোচনা করেন। চট্টগ্রাম থেকে ঢাকায় রোগী ব্যবস্থাপনা ও চিকিৎসা সমন্বয় বিষয়ে বক্তব্য রাখেন ল্যাবএইডের ডিজিএম ফিরোজ হোসেন খান ও এজিএম আবু নাজিম। এছাড়া ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল, ঢাকা এবং চট্টগ্রামের রোগীদের মধ্যে চিকিৎসা সমন্বয় ও রোগী রেফারেল বিষয়ে বক্তব্য দেন সিনিয়র বিজনেস কো-অর্ডিনেটর আলমগীর হোসেন। অনুষ্ঠানে ল্যাব এইড ক্যান্সার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম উপস্থিত চিকিৎসক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি আগামী দিনেও ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের প্রতি চিকিৎসকদের আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজকরা বলেন, চট্টগ্রামের রোগীদের জন্য দ্রুত ও আধুনিক ক্যান্সার চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, হাসপাতাল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববাবধানে ছিল যত্ন মেডিকেল হসপিটালিটি, চট্টগ্রাম। চট্টগ্রামের পাঁচলাইশে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত সিএমই অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনসহ অতিথি ও চিকিৎসকরা।