
দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ড এবং সংগঠনের ষোলশহর শাখার সভাপতি মো. শাহীন আলমের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল।আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর নতুন রেলওয়ে স্টেশন চত্বর থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম মামুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ের পূর্বাঞ্চল সদর দপ্তর সিআরবি এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের নেতারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশব্যাপী নাশকতা চালাচ্ছে এবং এরই অংশ হিসেবে ষোলশহর শাখার সভাপতি মো. শাহীন আলমের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম মিঠু, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহম্মদ এবং ক্রীড়া সম্পাদক মো. নাদিম।
এছাড়া বিভিন্ন শাখার নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ওপেন লাইন শাখার সভাপতি মো. ইমরুল চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, চিনকি আস্তানা শাখার সভাপতি মো. মোখলেছুর রহমান ও নেতা মো. শাহাবুদ্দিন, সিজিপিওয়াই (CGPY) শাখার সভাপতি মো. নুরুল আলম বাবুল ও সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন, সিআরবি শাখার সভাপতি মো. এবিএম আরিফ, ষোলশহর শাখার সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান এবং কারখানা শাখার সদস্য সচিব মো. সোহেল মাহমুদ।
সমাবেশ থেকে বক্তারা রেলওয়েতে চলমান নাশকতা প্রতিরোধে দ্রুত কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে রেলওয়ের সম্পদ রক্ষা এবং যেকোনো নাশকতা রুখতে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের প্রতিটি নেতাকর্মীকে সর্বোচ্চ সচেতন ও ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।