
২২ অক্টোবর রাত ২টা ৫০ মিনিটে ১ নম্বর সৃপারিওয়ালাপাড়ার বউবাজার এলাকায় ডবল মুরিং মডেল থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাসেল ওরফে রাসেল (২৩), মো. শরীফ (২৪) ও মো. শাহাদাত ওরফে সাকা (২৫)।
রাসেলের স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর সদর এবং বর্তমানে তিনি নগরীর পশ্চিম মাদারবাড়ী এলাকায় বসবাস করছিলেন। শরীফের স্থায়ী ঠিকানা কুমিল্লার ব্রাহ্মণপাড়া এবং বর্তমানে ডবলমুরিং ও খুলশী এলাকায় বসবাস করতেন। শাহাদাতের স্থায়ী ঠিকানা কুমিল্লার ব্রাহ্মণপাড়া এবং বর্তমানে ডবলমুরিং এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সলের নেতৃত্বে এসআই কাজী আবিদ হোসেনসহ সঙ্গীয় কর্মকর্তারা অভিযানটি পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহজনক অবস্থায় তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে দুটি স্টিলের তৈরি ধারালো টিপ ছোরা ও একটি লোহার কিরিচ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মামলা হয়েছে। মামলার নম্বর-১৫, তারিখ ২২ অক্টোবর ২০২৬। মামলাটি দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৯৯/৪০২ ধারায় করা হয়েছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অভিযানে ডবলমুরিং মডেল থানার এসআই মোবিনুল ইসলাম, এএসআই হিরু মিয়া, এএসআই কামাল হোসেন-১, এএসআই কামাল হোসেন-২, এএসআই মুহাম্মদ কামরুল হাছানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।