
আগামী পাঁচ বছরে আইসিটি খাতের রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়ন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং আগামী পাঁচ বছরের মধ্যে এ খাতের রপ্তানি আয় ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)।
বুধবার (২১ অক্টোবর) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণার তথ্য জানানো হয়।ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী রাফায়েল কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. মামুন অর রশিদ। এ ছাড়া ফোরামের আট সদস্যের উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান। উপদেষ্টা কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মাল্লিক এবং সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করা এবং দেশের তথ্যপ্রযুক্তি ও সংশ্লিষ্ট খাতের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে অভিজ্ঞ পেশাজীবীদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
ফোরামের উপদেষ্টা কমিটির সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মাল্লিক বলেন, দেশের আইসিটি খাতকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনে কাজ করবে সংগঠনটি। এর মাধ্যমে আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ১০ বিলিয়ন ডলারের প্রযুক্তিপণ্য ও সেবার রপ্তানি শিল্প গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে আইসিটি খাতে প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তি উদ্যোক্তা ও দক্ষ জনবলের জন্য আরও সুযোগ তৈরি করা জরুরি।
ফোরামটি সফটওয়্যার, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা এবং অন্যান্য প্রযুক্তিভিত্তিক পণ্য রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ ও বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে ভূমিকা রাখতে চায়। এ ক্ষেত্রে সেবার মান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় প্রতিষ্ঠানের কাজের সুযোগ সম্প্রসারণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ফোরামের নবনিযুক্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ বলেন, আগামী পাঁচ বছরে আইসিটি খাতের রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করতে হলে রপ্তানিমুখী প্রযুক্তি ব্যবসার ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ জোরদার করা প্রয়োজন।
তিনি আরও বলেন, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও সুষ্ঠু প্রতিযোগিতাকে উৎসাহিত করে এমন নীতিগত পরিবেশ গড়ে তোলার পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি করতে হবে।
নবগঠিত কমিটি এসব লক্ষ্য বাস্তবায়নে অগ্রাধিকার নির্ধারণ, পেশাজীবীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারে কাজ করবে বলে আশা করছে ফোরাম।
প্রচলিত রপ্তানি খাতের বাইরে নতুন সম্ভাবনাময় খাতের বিকাশ এবং অর্থনীতিতে প্রযুক্তিনির্ভর সেবার অবদান বাড়ানোর প্রেক্ষাপটে আইসিটি খাতের রপ্তানি সম্প্রসারণের এ লক্ষ্য নির্ধারণ করেছে সংগঠনটি। তবে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করতে দক্ষ মানবসম্পদ, গবেষণা, অবকাঠামো, বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকারের মতো বিষয়গুলোতে কার্যকর উদ্যোগ ও ধারাবাহিক অগ্রগতি প্রয়োজন হবে।