শেষ হলো চট্টগ্রাম রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬

চ্যাম্পিয়ন ফর্টিস ময়নামতি রানার আপ ইস্পাহানি কর্ণফুলী।চট্টগ্রাম রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ফাইনালে ইস্পাহানি কর্ণফুলীকে ৫৫ রানে পরাজিত করে ট্রফি ও নগদ ৫০ হাজার টাকা অর্থপুরস্কার জিতে নিয়েছে চ্যাম্পিয়ন দল ফর্টিস ময়নামতি। অপরদিকে রানারআপ ইস্পাহানি কর্ণফুলী ট্রফির পাশাপাশি ২০ হাজার টাকা নগদ বোনাস লাভ করে।

 

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক জনাব মিনহাজুল আবেদীন নান্নু। এছাড়াও উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ও জনাব নাভিদ ইকবাল, বিসিবি কাউন্সিলর ও ফিজআপ ভুলুয়া দলের পৃষ্ঠপোষক জনাব তাউছ মো. বেনী আমিন চৌধুরী, ফর্টিস গ্রুপের প্রতিনিধি আব্দুল আহাদ রিপন, ইস্পাহানি টি ট্রেড-এর ব্যবস্থাপক জনাব তাসবির হাকিম এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও বিসিবি কাউন্সিলর শহিদুর রহমান।

 

ফাইনাল ম্যাচে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফর্টিস ময়নামতি’র সাদ্দাম হোসেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় ক্রিকেটার ও সংগঠক জনাব সুলতান আবেদীন চৌধুরী। ১৯ বলে ৩৫ রান (৩টি ছক্কা ও ১টি চার) করে ফাইনালের ‘রয়্যাল হাট ভ্যালুয়েবল প্লেয়ার’ হন একই দলের মো. সাইফুল ইসলাম, পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার জনাব ফরিদ আহমেদ।

 

 

এছাড়াও,ম্যান অব দ্য টুর্নামেন্ট: ফর্টিস ময়নামতির সাদ্দাম হোসেন (মোট ৬৮ রান ও ৭টি উইকেট)। পুরস্কার প্রদান করেন সাবেক জাতীয় ক্রিকেটার জনাব নুরুল আবেদীন নোবেল। সর্বোচ্চ উইকেট শিকারী: ইস্পাহানি কর্ণফুলী দলের সাজেদ রিফাত (৯টি উইকেট)। পুরস্কার প্রদান করেন বিসিবি কাউন্সিলর জনাব তাউছ মো. বেনী আমিন চৌধুরী।সেরা ব্যাটার: ফিজআপ ভুলুয়া দলের মইনুল ইসলাম তন্ময় মোট ১৩০ রান।পুরস্কার প্রদান করেন বিসিবি কাউন্সিলর জনাব আবু সাদাত সায়েম।চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারকে মেডেল পরিয়ে দেওয়া হয়।