
চট্টগ্রাম বিআরটিএসহ বিভিন্ন সরকারি দপ্তর ও কর্মকর্তাদের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, হয়রানি এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল, চট্টগ্রাম মহানগর (রেজি. নং–বি–২০৭৫)।
সংগঠনের নেতৃবৃন্দ চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, বিগত সরকারের সহযোগী ও কতিপয় সুবিধাবাদী চক্রান্তকারী বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং প্রশাসনিক স্বাভাবিক কার্যক্রম অকার্যকর করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
নিজেদের অনৈতিক সুযোগ-সুবিধা হাসিলে ব্যর্থ হয়ে তারা বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা ও সরকারি দপ্তরের বিরুদ্ধে মনগড়া তথ্য ও বেনামী অভিযোগপত্র ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, “বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন”-এর সভাপতি মো. শিপন ও সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিনের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের কোনো সম্পর্ক নেই। উক্ত ব্যক্তিবর্গ নিজস্ব স্বার্থ হাসিলে সংগঠনের নামের অপব্যবহার করছেন। এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ সাংবাদিক সমাজকে যেকোনো ভিত্তিহীন অভিযোগের সতত্যা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানান। একই সাথে কোনো ধরনের বাহ্যিক চাপ বা অপপ্রচারে কান না দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপপ্রচারকারীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল, চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ রাকিব উদ্দিন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন একই সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন।