
চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিলের সঙ্গে রাজনীতি বা দলীয়করণের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, এটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, শিক্ষা ও নবীপ্রেমের সঙ্গে মানুষের সম্পর্ক আরও গভীর করার একটি ধর্মীয় আয়োজন।
তিনি বলেন, এই মাহফিলের সঙ্গে রাজনীতি বা দলীয়করণের প্রশ্নই আসে না। এটি নবীপ্রেমের একটি উপলক্ষ। মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা থেকেই মানুষ এই মাহফিলে অংশ নেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
চুনতির ঐতিহ্যবাহী এ মাহফিলকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে শাহজাহান চৌধুরী বলেন, এ বছর মাহফিলের ব্যবস্থাপনায় আনুমানিক ৬ কোটি টাকার বাজেট ধরা হয়েছে। অতীতেও যারা এ আয়োজনের পাশে দাঁড়িয়েছেন, এবারও তারা নবী করিম (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে সহযোগিতায় এগিয়ে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
রোববার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিলের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, সীরতুন্নবী (সা.) মাহফিল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও তাঁর প্রতি ভালোবাসার আলোচনা ও চর্চার একটি মাহফিল। এটি কোনো দলীয় কর্মসূচি নয়। রাসুল (সা.) এর প্রতি ভালোবাসা নিয়ে সর্বস্তরের মানুষের এই মাহফিলে অংশ নেওয়া উচিত।
তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর জন্য নয়; তাঁর আদর্শ সমগ্র মুসলিম উম্মাহর জন্য অনুসরণীয়। তাই ধর্মীয় মূল্যবোধ ও নবীপ্রেমের জায়গা থেকে সবাইকে এ ধরনের আয়োজনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
চুনতির সীরতুন্নবী (সা.) মাহফিলের ঐতিহ্যের কথা উল্লেখ করে আবু সুফিয়ান বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এই মাহফিলে দুইবার অংশ নিয়েছিলেন। এতে প্রমাণিত হয়, এ আয়োজন কোনো দলীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দীর্ঘদিন ধরে এটি ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ হিসেবে মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে।
১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিল মোতাওয়াল্লি কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল হক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদের, ড. এনামুল হক, ডা. মাহমুদুর রহমান, ড. বাবর হোসাইন সিদ্দিকীসহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেম, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
সভায় আসন্ন মাহফিলের সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা, নিরাপত্তা, অতিথি আপ্যায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে দীর্ঘ ১৯ দিনের এ আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় অর্থসংস্থান ও ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পরে মোতাওয়াল্লি কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা দিনার ইবনে নাজাত আসন্ন মাহফিলের সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। তিনি মাহফিলের সার্বিক ব্যবস্থাপনার জন্য আনুমানিক ৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

সভায় বক্তারা বলেন, চুনতির সীরতুন্নবী (সা.) মাহফিল শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি দীর্ঘদিনের ঐতিহ্য ও মানুষের ধর্মীয় আবেগের সঙ্গে সম্পৃক্ত একটি বৃহৎ আয়োজন। তাই মাহফিলের পবিত্রতা, শৃঙ্খলা ও ঐতিহ্য বজায় রেখে আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।