চট্টগ্রামে দিনব্যাপী ক্যারিয়ার এক্সপো অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক এর উদ্যোগে চাকরিপ্রার্থী তরুণ-তরুণী ও নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ ‘ক্যারিয়ার এক্সপো’ আয়োজিত হয়েছে ।বুধবার ২০ মে সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ মেলায় বিভিন্ন খাতের স্বনামধন্য নিয়োগকারী প্রতিষ্ঠান এবং সদ্য স্নাতক সম্পন্ন করা চাকরিপ্রার্থীদের সরাসরি যোগাযোগের এক অনন্য সুযোগ তৈরি হয় ।

এই আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য ছিলো যুব বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনশক্তির সাথে সঠিক কর্মসংস্থানের সংযোগ স্থাপন করা । দেশে বর্তমানে যুব বেকারত্বের হার ৮ শতাংশ, যা জাতীয় গড়ের (৩.৬%) চেয়ে অনেক বেশি ।

এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৭% শিক্ষার্থী চাকরি খোঁজার ক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা পান না। এই সংকট মোকাবেলায় মেলা তে প্রাণ গ্রুপ, ওয়ালটন প্লাজা, আকিজ গ্রুপ, ব্র্যাক ব্যাংক পিএলসি, এসিআই পিএলসি, ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি সহ বিভিন্ন খাতের ৩৯ টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রায় ১৫ হাজার চাকরীপ্রার্থী রেজিস্ট্রেশন করেন এবং বিভিন্ন খাতের চাকরিদাতাদের সাথে তারা সরাসরি তাদের ক্যারিয়ার সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা অন-দ্য-স্পট রিক্রুটমেন্টের আওতায় ওয়াক-ইন ইন্টারভিউ, পেশাদার ক্যারিয়ার কাউন্সেলরদের মাধ্যমে সিভি রিভিউ এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের চাহিদা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন ।

ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসডিপি) প্রোগ্রাম হেড ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. গোলাম ফারুক অনুষ্ঠানের উদ্বোধনী ও সমাপনী বক্তব্য প্রদান করেন।তিনি তার বক্তব্যে বলেন, আমাদের প্রথাগত শিক্ষা হতে বের হয়ে আসতে হবে। যারা পড়ালেখায় দূর্বল তারাই স্কিল নিয়ে কাজ করবে এই ধারণা পরিবর্তন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবুল বাসার।তিনি বলেন, দেশের বিশাল যুব সমাজকে প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞান ও সঠিক ক্যারিয়ার নির্দেশনার মাধ্যমে প্রস্তুত করতে পারলে তা দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান মেলায় উপস্থিত হয়ে মেলার স্টল ভিজিট করেন ও উপস্থিত নিয়োগদাতা-
চাকরিপ্রার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, বর্তমানে কমিউনিকেশন স্কিল সকল চাকরির ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। যে জব এই যাই না কেন আমাদের এই স্কিল গুলো আয়ত্ত্ব করার কোন বিকল্প নেই’।