কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য নাশকতা রুখে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের সিআরবি সদর দপ্তরে রেল প্রশাসন ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের মধ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল)-এর মহাব্যবস্থাপক মহোদয়ের সভাপতিত্বে সিআরবি সদর দপ্তরের কনফারেন্স রুমে এই সভা হয়। সভায় রেলওয়ের সকল বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন। অন্যদিকে, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম মামুনের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল সভায় অংশ নেয়।
প্রতিনিধিদলে আরও ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম মিঠু, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহম্মদ, ক্রীড়া সম্পাদক মো. নাদিমসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।সভায় বক্তারা দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং রেলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ সময় মহাব্যবস্থাপক (পূর্ব) ও উপস্থিত বিভাগীয় প্রধানগণ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রেলের যেকোনো নাশকতা রোধে সব ধরনের পদক্ষেপ নেওয়ার নিশ্চয়তা দেন। পাশাপাশি সভায় রেল প্রশাসন ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল সম্মিলিতভাবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেকোনো নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রত্যয় ব্যক্ত করে।