চট্টগ্রামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অংশগ্রহণে আয়োজিত যৌথ সামরিক মহড়া ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (ক্যারাট) বাংলাদেশ ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।মহড়ার সমাপনী উপলক্ষে চট্টগ্রামে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়রে (USS Warrior) আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মাওলা। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সামুদ্রিক নিরাপত্তা জোরদার, দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা অংশীদারত্ব আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ যৌথ মহড়ার আয়োজন করা হয়।
মহড়া সফলভাবে সম্পন্ন হওয়ায় উভয় দেশের নৌবাহিনীর সদস্য ও নেতৃত্বের পেশাদারত্ব, নিষ্ঠা এবং অঙ্গীকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সমুদ্রপথকে আরও নিরাপদ ও সুরক্ষিত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।এই মহড়ার মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।