চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে চসিকের ২৩৪ জন মশক ও ফগার কর্মীকে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
রোববার (৬ সেপ্টেম্বর) চসিকের লাইব্রেরি ভবনের কনফারেন্স রুমে মেডিসিন্স সান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)-এর সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, আপনারা যেখানে কাজ করবেন, মনে রাখবেন—আপনাদের একটি সঠিক স্প্রে একজন নাগরিকের জীবনের নিরাপত্তা দিতে পারে।
তিনি বলেন, মশক নিয়ন্ত্রণ কর্মীদের দায়িত্ব শুধু নির্ধারিত এলাকায় স্প্রে করা নয়; এর সঙ্গে নগরবাসীর জীবন ও নিরাপত্তা সরাসরি জড়িত।দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা না করে প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠপর্যায়ে যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানান তিনি।কর্মীদের নিজেদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে এমএসএফের দেওয়া ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE) প্রশিক্ষণের পাশাপাশি তাদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা।
প্রশিক্ষণে মশার প্রজাতি শনাক্তকরণ, জীবনচক্র, প্রজননস্থল চিহ্নিতকরণ ও নিয়ন্ত্রণ, সমন্বিত মশক নিয়ন্ত্রণ এবং কীটনাশকের নিরাপদ ব্যবহার শেখানো হচ্ছে।
এমএসএফের দুই বিশেষজ্ঞ কীটতত্ত্ববিদ প্রশিক্ষণটি পরিচালনা করছেন।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।