ফৌজদারহাটে টেক্সটাইল মিলের জমিতে এবার সমরাস্ত্র কারখানা।৫৪.৯৯ একর জমি ও স্থাপনা প্রতীকী মূল্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর।চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত দীর্ঘদিনের বন্ধ রাষ্ট্রায়ত্ত জলিল টেক্সটাইল মিলস লিমিটেড এবার নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। একসময় যে কারখানায় তৈরি হতো সুতা ও কাপড়, সেই মিলের ৫৪ দশমিক ৯৯ একর জমি ও স্থাপনা এখন ব্যবহৃত হবে অত্যাধুনিক সমরাস্ত্র উৎপাদন ও সংশ্লিষ্ট কারখানা সম্প্রসারণের কাজে।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মিলটির সব সম্পদ প্রতীকী মূল্যে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) সম্প্রসারণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
ফলে শিল্পনগরী চট্টগ্রামের ফৌজদারহাটে পুরোনো টেক্সটাইল মিলের জায়গায় গড়ে উঠতে যাচ্ছে প্রতিরক্ষা শিল্পের নতুন অবকাঠামো। রাষ্ট্রায়ত্ত মিলের দীর্ঘদিনের অচল সম্পদকে উৎপাদনমুখী কাজে ব্যবহারের মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার উদ্যোগ হিসেবে বিষয়টিকে দেখা হচ্ছে।
একসময় শ্রমিকদের কর্মচাঞ্চল্য ও উৎপাদনের শব্দে মুখর থাকা জলিল টেক্সটাইল মিলের প্রাঙ্গণ এবার ভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হবে। সুতা-কাপড় উৎপাদনের সেই পুরোনো শিল্পভূমিতেই এবার যুক্ত হচ্ছে দেশের সমরাস্ত্র উৎপাদন সক্ষমতা বৃদ্ধির নতুন অধ্যায়।