আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী (রহ.) কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর ২য় দিবস বুধবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
লোহাগাড়া পুটিবিলা হামেদিয়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) আলহাজ্ব মাওলানা শওকত উল্লাহ ফারুক সভাপতিত্বে চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা জালাল উদ্দীন বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ছিল মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর আদর্শ অনুসরণ করলে ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। লোহাগাড়া আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওসমান গণি ‘রাসূলুল্লাহ (সা.)-এর পারিবারিক জীবন’ বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন, মহানবী (সা.)-এর পারিবারিক জীবন ছিল ভালোবাসা, সৌহার্দ্য, দায়িত্ববোধ ও উত্তম আচরণের অনন্য দৃষ্টান্ত। তাঁর পারিবারিক আদর্শ অনুসরণ করলে পরিবারে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে।
চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা রিদওয়ানুল হক নিজামী ‘রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা পদ্ধতি ও মানব গঠনের কৌশল’ বিষয়ে বলেন, নবীজি (সা.)-এর শিক্ষা পদ্ধতিতে ছিল প্রজ্ঞা, মমতা, ধৈর্য ও বাস্তবতার অপূর্ব সমন্বয়। তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণ করে নৈতিক, আদর্শবান ও মানবিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব সাতকানিয়া কাঞ্চনা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবদুল মন্নান শমসী বলেন, রাসূলুল্লাহ (সা.) ছিলেন সর্বোত্তম শিক্ষক ও মানবতার পথপ্রদর্শক। তাঁর চরিত্র ও আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করলেই ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় মাহফিলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আলেম ও গবেষকবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সদস্য আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী, এইচ এম মাহাবুবুল হক, শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেকসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবুল আসাদ মুহাম্মদ তোহা বিন হাবীব ও মিজানুর রহমান। না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন জিবইয়ান হাসিন ও সা’দ আল মাহমুদ। মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।